নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ইসলাম টাইমস ডেস্ক: আসন্ন রাজবাড়ী সদর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে পৌর শহরের ২ নম্বর বেড়াডাঙ্গার শিক্ষা অফিস এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুহাম্মদ আলী চৌধুরীর সমর্থক ও সাবেক যুবলীগ নেতা আব্দুল কাদের মিয়া সোহান। তাকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ১ নম্বর বেড়াডাঙ্গার মৃত আবুল কাসেমের ছেলে। এছাড়াও বিদ্রোহী মেয়র প্রার্থী আলমগীর হোসেন তিতুর বড় ভাই আবুল কালাম আজাদ (৫৫) মাথায় আঘাত পেয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এখন পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়স্ত্রণে। এ ঘটনায় একজনকে ফরিদপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।

বিদ্রোহী মেয়র প্রার্থী আলমগীর হোসেন তিতু জানান, সন্ধ্যার পর মুহাম্মদ আলী চৌধুরীর সমর্থকরা অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা করে এবং কয়েক রাউন্ড ফাকা গুলি ছোড়ে। সে সময় তারা বাড়িতে থাকা নারী ও শিশুদের ওপর হামলা চালান ও আব্দুল্লাহ নামের একটি ছেলে ও তার বড় ভাইয়ের মাথায় আঘাত করে। তিনি এখন হাসপাতালে ভর্তি। এছাড়াও বাড়ির সামনে থাকা নির্বাচনী অফিস, অফিসের চেয়ার ও মোটরসাইকেল ভাংচুর করে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুহাম্মদ আলী চৌধুরীর ভাগ্নে জেলা পরিষদ সদস্য রাশেদুল হক অমি জানান, তিতুর নেতৃত্বে একদল সন্ত্রাসী বিকেলে ১ নম্বর বেড়াডঙ্গায় নৌকার নির্বাচনী অফিসে থাকা মিঠুকে অবরুদ্ধ করে। সে সময় অস্ত্র দেখিয়ে মিঠুকে তুলে নেয়ার চেষ্টা করেন তারা। তখন তাদের কর্মীদের প্রতিরোধের মুখে পালিয়ে যান। সন্ধ্যার পর মিছিল চলাকালীন শিক্ষা অফিসের সামনে তিতুর সমর্থকরা তাদের মিছিলে হামলা করে এবং তাদের কর্মী সোহান গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাইরান মাহমুদ জানান, সোহানের জ্ঞান নেই। তার বেশ কয়েকটা দাঁত ও নাক ভেঙ্গে গেছে। ভেতরে রক্তক্ষরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিক্যালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া বয়স্ক এক ব্যক্তির মাথায় আঘাত লেগেছে। তার মাথায় সেলাই দিয়ে ওয়ার্ডে পাঠানো হয়েছে। তিনি এখন ভালো আছেন।

-আরএম

পূর্ববর্তি সংবাদসংস্কারের অভাবে মেয়াদোত্তীর্ণ ঝুঁকিপূর্ণ লাইনেই চলছে ট্রেন, বাড়ছে দুর্ঘটনা
পরবর্তি সংবাদছবি এডিট করে এভারেস্ট জয়ের দাবি ৩ ভারতীয় পর্বতারোহীর, সনদ বাতিল করল নেপাল