রাতের আঁধারে বাসের ভেতর হেলপারকে কুপিয়ে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: রাতের অন্ধকারে বাসের ভেতর হেলপারকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত ১২টার পর খুলনার শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির (২৬) সোহাগ পরিবহনের হেলপার ছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (উত্তর) সোনালী সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, বৃহস্পতিবার রাতে সোহাগ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৭১৫৩) নগরীর শিববাড়ী মোড়ে কাউন্টারের সামনে রাখা হয়। এরপর চালক চলে গেলেও হেলপার সাব্বির বাসের ভেতর থেকে যান বলে জানিয়েছেন কাউন্টারের অন্যান্যরা। এসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে খুন করে। তবে কারা কী কারণে তাকে খুন করেছে তা জানা যায়নি।

ওসি আরও বলেন, সাব্বিরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি বাগেরহাটের বাসিন্দা বলে জানা গেছে।

-এমএসআই

পূর্ববর্তি সংবাদবিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ও ফকীহ শাইখ মুহাম্মদ আওয়ামার স্ত্রীর ইন্তেকাল
পরবর্তি সংবাদট্রাম্পের সীমানা দেয়াল নির্মাণ প্রকল্পের আদেশ বাতিল করলেন বাইডেন