ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের শ্রীপুরের এস এম কেমিক্যাল কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় চার ঘন্টায় নিয়ন্ত্রণে আনে রাত ৮টার দিকে। আগুন লাগার পর অগ্নিদগ্ধ হয়েছে কমপক্ষে ৫ জন। এছাড়াও নানা ভাবে আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।
শ্রীপুরের মাওনা আল-হেরা হাসপাতালে চিকিৎসক মোঃ রেজাউল হাসান জানান, আগুন লাগার পর বিকেল থেকে রাত পর্যন্ত ওই কারখানা থেকে তাদের হাসপাতলে চিকিৎসার জন্য নেয়া হয় মোট ৩২ জনকে। তাদের মধ্যে ছয়জনকে স্থানান্তর করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আহত অধিকাংশকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে হবে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, আগুন লাগা ভবনের নিচতলা থেকে রাত পৌনে ১১টায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে নিহত ওই শ্রমিকের নাম আলমগীর হোসেন (৩০)।
-এসএন
















