ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহীর এয়ারপোর্ট এলাকার একটি মুরগির খামার থেকে ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে নগরীর বায়া বৈরাগীপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বালিয়াডাঙ্গি গ্রামের সেন্টু (৩৭), শিহাব আলী (৩৫), রুবেল হোসেন (২১), বায়া ভোলাবাড়ি গ্রামের তাজরুল ইসলাম (৩৩) বড়বনগ্রাম নতুন চকপাড়া এলাকার সেলিম রেজা (৪০) এবং দক্ষিণ নওদাপাড়া মহল্লার রফিকুল ইসলাম (৩৫)।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, ‘দীর্ঘদিন ধরে ওই এলাকার মুরগির খামারে জুয়ার আসর বসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে ছয় প্যাকেট তাস ও নগদ ৬৭ হাজার ৪০ টাকা জব্দ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আটককৃতদের শুক্রবার (১২ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
এর আগে গত বুধবার (১০ ফেব্রুয়ারি) জুয়ার আড্ডা থেকে নগরীর রাজপাড়া থানাধীন আলীর মোড় থেকে ১০ জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাঁচ সেট তাস ও নগদ ৫৯ হাজার ১২৮ টাকা জব্দ করে।
-আরএম
















