আগে নিজের খাও তারপর দরবেশ হতে আস

প্রফেসর মাওলানা গিয়াসুদ্দীন আহমদ ।।

আমি যখন ‘আশরাফ চরিত’ নামে থানভী রহমাতুল্লাহ আলাইহির জীবনী অনুবাদ করি তখন তার একটি নসিহত পেলাম। তিনি তার কাছে আসা নবাগতদেরকে জিজ্ঞাসা করতেন, আপনার মালিকানায় কারো সম্পত্তি নেই তো।

প্রথম প্রথম ভাবতাম, একেবারে প্রথম দিনেই কেন এ বিষয়টি জানতে চাইতেন হযরত। পরে হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহির আরো বিভিন্ন মালফুয পড়ে বুঝলাম। বস্তুত এই কথাটি হযরত বারবার বলতেন, আগে মানুষ হও। পরে দরবেশ হবে। আর পরের খেয়ে দরবেশ হওয়া যাবে না। নিজের খেয়ে দরবেশ হতে হবে।

আমার হযরত শাহ আবরারুল হক ছাহেবের সাথে আমার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা বলি। আমরা ছয় বোন, এক ভাই। আমার বাবার ইন্তেকালের পরে বোনদের সব সম্পত্তি আমি যথাযথভাবে বুঝিয়ে দিয়েছি। কিন্তু আমার বোনেরা অল্প কিছু সম্পত্তি চাইল আমার কাছে রেখে দেওয়ার জন্য। তারা অনেক জোরাজুরি করলো। অনেক পীড়াপীড়ি করলো। তারা বলল, আমাদের একটিমাত্র ভাই। তার কাছে কিছু সম্পত্তি থাক। আমরা তো তোমার কাছে বিভিন্ন সময় বেড়াতে আসবো। তো তোমার কাছে অল্প কিছু সম্পত্তি থাক।

কিন্তু আমার মন সায় দিল না। আমি বাংলাদেশের আলেমদের কাছে মাসআলা জিজ্ঞাসা করলাম। তারা আমাকে বললেন, সন্তুষ্টচিত্তে দিলে সমস্যা নেই। কিন্তু আমার মনের খুঁতখুঁতি দূর হলো না। আমি আবরারুল হক ছাহেবকে চিঠির মাধ্যমে ব্যাপারটি জানালাম।

হযরত জবাব দিলেন, তোমার ঘরে মেহমানরা কি তোমাকে কোন কিছু দিয়ে খেতে আসে না এমনিতেই খেয়ে যায়। তোমার বোনেরা তো তোমার মেহমানদের চেয়ে বড়। তারা তোমার কাছে কিছু দিয়ে খেতে আসবে কেন।

তুমি তাদের সম্পত্তি আগে যথাযথ ভাবে বুঝিয়ে দাও। এবং তাদের ভোগ দখল দিয়ে দাও। এরপরও যদি তারা তোমাকে দেয় তাহলে নিও।

হযরতের কথা মত আমি আমার বোনদেরকে সব সম্পত্তি বুঝিয়ে দিলাম এবং ভোগ দখল দিয়ে দিলাম। তারা সেখানে বাড়িঘর করেছে এবং নিজ নিজ প্রয়োজনে কাজে লাগিয়েছে। আজ প্রায় ৩০ বছর হয়ে যাচ্ছে। মজার বিষয় হলো, তাদের কেউ কিন্তু সে জায়গা পরে আর হেবা করতে আসেনি।  অর্থাৎ প্রয়োজন সবারই আছে।

যাই হোক, এখানে বলার উদ্দেশ্য হচ্ছে, আগে নিজের কাছে থেকে যাওয়া অন্যের হক যথাযথভাবে আদায় করতে হবে। শুধু নামে মাত্র আদায় করা নয়, সত্যিকারার্থে যথাযথভাবে আদায় করতে হবে। তাহলেই আমাদের সংশোধন সম্ভব হবে।

দাওয়াতুল হকের মজলিস থেকে শ্রুতিলিখন: এনাম হাসান জুনাইদ- ইজে

পূর্ববর্তি সংবাদএবারও বেঁচে গেলেন ট্রাম্প
পরবর্তি সংবাদজিনজিয়াংয়ের ভয়াবহতা বোঝাতে ‘গণহত্যা’ শব্দ যথেষ্ট নয়: ইকোনমিস্ট