ইসলাম টাইমস ডেস্ক: চাঁদা না দেয়ায় প্রবীণ আলেম মাওলানা ক্বারী আবু হানিফকে পিটিয়ে রক্তাক্ত করলেন আ.লীগ নেতা ও স্থানীয় মেম্বার। গত শুক্রবার কুমিল্লা জেলার অধীন বরুড়া থানার গালিমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় আ.লীগ নেতা ও মেম্বার ফয়জুল্লাহ গং জনিস্বর নূরানি কওমী মাদরাসার মুহতামিম মাওলানা কারী আবু হানিফের কাছে দীর্ঘ দিন ধরে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা কারী আবু হানিফকে গত শুক্রবার পিটিয়ে রক্তাক্ত করে।
কারী আবু হানিফের বড় ছেলে হাফেজ মাওলানা ইউসুফ ফোনে ইসলাম টাইমসকে জানান, গত শুক্রবার স্থানীয় আ.লীগ নেতা ও মেম্বার ফয়জুল্লাহ ও তার সাঙ্গীরা আমার বাবাকে চাঁদা না দেওয়ায় পিটিয়ে রক্তাক্ত করে। মেম্বার সাহেব আব্বাকে মারার সময় বলতে থাকে, কে আছস ভিডিও করবি কর।
কারী আবু হানিফ ঢাকার লালমাটিয়া, মাদানিনগর এবং নারায়ণগঞ্জের আমলাপাড়ায় দীর্ঘ দিন কুরআনের খেদমত করেছেন বলে জানান তার বড় ছেলে।
মাওলানা ইউসুফ বলেন, আমাদের কেউ নাই। আমরা আল্লাহর কাছে বিচার দিলাম। আমার আব্বার জন্য দোয়া করবেন। আমরা এখন মিরপুর ১৪ নম্বরে ঢাকা মেডিকেল ডেন্টালে ভর্তির চেষ্টা করছি।
-ইজে
















