১৩ তুর্কি নাগরিক নিহতের পর ইরাকে ব্যাপক অভিযানের পরিকল্পনা এরদোগানের

ইসলাম টাইমস ডেস্ক: ইরাকের ভেতরে ব্যাপক সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে তুর্কি সরকার।

ইরাকে সন্ত্রাসী হামলায় তুরস্কের ১৩ নাগরিক নিহত হওয়ার পর কুর্দিস্তান পিপলস পার্টি বা পিকেকে উগ্রবাদীদের বিরুদ্ধে এই অভিযান চালাতে চাইছে তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জোর দিয়ে বলেছেন, তুরস্কের সামরিক বাহিনী সীমান্তবর্তী এলাকাগুলোতে পিকেকে উগ্রবাদীদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে তা অব্যাহত থাকবে। একইসাথে তিনি বলেছেন, যেসব এলাকা থেকে তুরস্কের জন্য হুমকি আসছে সেসব এলাকায় অভিযানের পরিধি বাড়ানো হবে।

তুরস্কের নাগরিক নিহত হওয়ার বিষয়ে তিনি দেশের জনগণকে আশ্বস্ত করে বলেন, ওই হামলায় যারা নিহত হয়েছেন তাদের এই হত্যাকাণ্ডের ঘটনা সন্ত্রাসীদের নির্মূল করার ব্যাপারে তুর্কি সরকারের প্রতিশ্রুতি আরো দৃঢ় করেছে।

এদিকে, ইরাকের অভ্যন্তরে তুরস্কের সামরিক অভিযান শুরু থেকেই ভালো চোখে দেখছে না বাগদাদ। ইরাক সরকার বারবার তুরস্কের কাছে এ ধরনের অভিযান বন্ধ করার ব্যাপারে জোরালো দাবি জানিয়েছে এবং ইরাক সরকার তাদের অসন্তুষ্টির কথাও প্রকাশ করেছে।

সূত্র : পার্সটুডে

পূর্ববর্তি সংবাদশেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলা: ১০ জনের মৃত্যুদণ্ড বহাল
পরবর্তি সংবাদভোজ্যতেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার