আলজাজিরার ডিরেক্টর ও সহায়তাকারী সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ইসলাম টাইমস ডেস্ক: সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগে আল জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রতিবেদন প্রচারের ঘটনায় চ্যানেলটির এডিটিং কাউন্সিলের ডিরেক্টর জেনারেল মোস্তেফা স্যোউয়াগ ও প্রতিবেদন তৈরিতে সহায়তাকারী সামিসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক।  আবেদনের এখনও শুনানি হয়নি।

মামলার বাদী মশিউর মালেক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্য দিয়ে যড়যন্ত্র করা হয়েছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের সামিল।

তিনি আরও বলেন, দণ্ডবিধির ১৮৬০ সালের আইনের ১২৪, ১২৪এ, ১৪৯, ৩৪ ধারায় মামলার আবেদন দিয়েছি।  সকাল ১১টায় বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আবেদনটি আদেশের জন্য রেখেছেন।

মামলার অপর আসামিরা হলেন- নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসমিম খলিল ও ডেভিড বার্গম্যান।

প্রসঙ্গত, কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আলজাজিরায় গত ২ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।  এটি বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করছে সরকার।

সেনা সদর দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, আলজাজিরার প্রতিবেদনটিতে সামি নামের যে ব্যক্তির বক্তব্য তুলে ধরা হয়েছে, তার প্রকৃত নাম সামিউল আহমেদ খান’। পিতা লে. কর্নেল মরহুম আব্দুল বাসিত খান (অব.)।  সামিকে ইতোপূর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মিলিটারি পুলিশ চুরি, সেনাবাহিনীর অফিসারের পোশাক এবং ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণার অপরাধে বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়। এসব অপরাধের দায়ে ২০০৬ সালে তাকে বাংলাদেশের সব সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সামিউল আহমেদ খান বর্তমানে ‘জুলকারনাইন সায়ের খান’ (বর্তমান পাসপোর্ট নম্বর ইজি০০৯২৯০২, পূর্বের পাসপোর্ট নম্বর বিজে০৫২০২৬০, এসি৫০৭৫৬৪৭, এবং বি১৭৬৫৬৪৯) নাম ধারণ করে এবং তার পিতার নাম কর্নেল ওয়াসিত খান ব্যবহার করে ভুয়া পরিচয়ে পলাতক অবস্থায় হাঙ্গেরিতে বসবাস করছে।

এদিকে কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আলজাজিরায় গত ২ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনকে ভ্রান্ত ও ভিত্তিহীন এবং অশুভ অভিপ্রায় উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেনা সদর দফতর।

-এসএন

পূর্ববর্তি সংবাদশিক্ষার্থীদের মেসে শ্রমিকদের হানা, প্রতিবাদে সড়ক অবরোধ, ২ বাসে আগুন
পরবর্তি সংবাদতুষারঝড়ে লন্ডভণ্ড যুক্তরাষ্ট্র, বিদ্যুৎ বিচ্ছিন্ন, মৃত্যু ২১