ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী ঢাকার অদূরে ঐতিহ্যবাহী দারুল উলুম মাদানীনগর মাদরাসায় আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী বার্ষিক ইছলাহী জোড়।
আগামী শুক্র ও শনিবার (১৯-২০ ফেব্রুয়ারি) মাদরাসার প্রাঙ্গনে প্রতি বছরের মত এবারও এই আত্মশুদ্ধি মূলক দ্বীনী মাহফিল অনুষ্ঠিত হবে।
বিশ্বস্ত সূত্র ইসলাম টাইমসকে জানিয়েছে, আগামীকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ইসলাহী জোড় শুরু হবে। দেশের বরেণ্য ওলামায়ে কেরাম ইছলাহী জোড়ে তাশরীফ আনবেন বলে জানা যায়। যদিও জোড় উপলক্ষ্যে বৃহস্পতিবার বাদ মাগরিব থেকেই ওলামায়ে কেরামের বয়ান শুরু হয়ে গেছে।
সূত্রমতে জানা গেছে, ভিসা জটিলতার কারণে এবারের ইছলাহী জোড়ে অংশ নিতে নেবেন না ভারতের মাওলানা আরশাদ মাদানি। তবে এতে অংশ নেবেন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি, কাকরাইলের মাওলানা যোবায়ের সাহেব, হাফেজ্জী হুজুর রহ.-এর জামাতা মাওলানা খালেদ সাইফুল্লাহ মিরপুর হুজুর ও নানুপুর পীর সাহেবের ছেলে মাওলানা বেলাল।
শনিবার রাতে দোয়ার মাধ্যমে ইছলাহী মাহফিল শেষ হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, মাদরাসার প্রতিষ্ঠাতা শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহ. এর অন্যতম খলীফা মাওলানা ইদরীস সাহেব সন্দ্বীপী রহ. এর জীবদ্দশা থেকে প্রতি বছর সাধারণ মানুষের দ্বীনী তরবিয়তের জন্যে এ মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এতে দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ ওলামায়ে কেরাম থেকে দিকনির্দেশনা লাভের জন্যে ছুটে আসেন।
-এসএন
















