বঙ্গোপসাগরে জেলেদের ওপর হামলা চালিয়ে মাছসহ ট্রলার লুট করেছে জলদস্যুরা

ইসলাম টাইমস ডেস্ক: বরগুনার পাথরঘাটা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে বলেশ্বর নদীর মোহনায় জেলে বহরে হামলা চালিয়ে একটি মাছ ধরা ট্রলারসহ প্রায় ৫০ হাজার টাকার মাছ ও রসদ সামগ্রী লুট করেছে জলদস্যুরা। এই সময় ট্রলারে থাকা সাত জেলেকে মারধর করে মুখোশধারী ১২-১৫ দস্যু।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় ওই জেলে বহরে এই হামলা চালায় জলদস্যুরা।

জলদস্যুর মারধরে আহত জেলেরা হলেন, ট্রলারের মালিক মো. জাকির সরদার, জেলে কাওছার হোসেন, মো. আরিফ হোসেন, জামাল হোসেন, রাসেল আকন, ইলিয়াস হোসেন ও সিফাত খান। কুয়াকাটা থেকে প্রাথমিক চিকিৎসার পর তারা পাথরঘাটায় রওনা হয়েছেন।

জলদস্যুর হাতে লুট হওয়া এফবি সুফিয়া ট্রলারের মালিক জাকির সরদার জানান, সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় মাছ ধরার জন্য অপেক্ষার সময় রাত সাড়ে তিনটার দিকে নামবিহীন একটি ট্রলারে অন্তত ১২ থেকে ১৫ জনের মুখোশধারী পাইপগান ও দেশীয় অস্ত্রসহ তার ট্রলারে উঠে যায়। এসময় ট্রলারে থাকা সাত জেলেকে পাইপগান দিয়ে পিটিয়ে আহত করে মুখোশধারী দস্যুরা।

জাকির সরদার বলেন, পরে পাশে থাকা অন্য একটি নামবিহীন ছোট নৌকায় তাদের উঠিয়ে দিয়ে জলদস্যুরা ৫০ হাজার টাকার মাছ ও রসদ সামগ্রীসহ ট্রলার লুট করে নিয়ে যায়। এসময় তাদের সাথে থাকা মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যায় দস্যুরা।

তিনি আরো বলেন, নামবিহীন ওই ট্রলারের জেলেদের সহযোগিতায় কুয়াকাটা পৌঁছানোর পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা পাথরঘাটায় রওনা হয়েছেন।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, ট্রলার ছিনতাইয়ের একটি ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এনটি

পূর্ববর্তি সংবাদকেরানীগঞ্জে ধসে পড়া সেই ভবনের আশপাশের ৫ বাড়িতে ফাটল
পরবর্তি সংবাদ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও সুস্থতা, বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যা