কাদের মির্জার মিছিলে পুলিশের লাঠিপেটা, আহত ১২

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জার ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। আজ সকাল সাড়ে সাতটার দিকে কাদের মির্জার নেতৃত্বে হরতালের সমর্থনে বের হওয়া একটি মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এসময় ১২ জন আহত হয়েছেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি।

আহতরা হলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার, বসুরহাট পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজীব, পিচ্ছি মাসুদ, পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আরজুসহ বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থক।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে সাতটার দিকে কাদের মির্জার নেতৃত্বে তার অনুসারীরা লাঠিসোঁটা হাতে হরতালের সমর্থনে মিছিল বের করেন। মিছিলটি বসুরহাট রুপালি চত্বর থেকে থানার দিকে যায়। এ সময় থানার সামনে অবস্থানকারী পুলিশ সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় কাদের মির্জার। একপর্যায়ে কাদের মির্জা মিছিল নিয়ে সামনের দিকে এগোতে থাকলে পেছন থেকে পুলিশ ধাওয়া দেয় এবং লাঠিপেটা করে। এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে ছড়িয়ে গেলেও কাদের মির্জা সড়কের ওপর প্রায় আধা ঘণ্টা বসে থাকেন। পরে দলীয় ও পরিবারের লোকজন তাকে সেখান থেকে পৌরসভা কার্যালয়ে নিয়ে যান।

মির্জা কাদেরের সমর্থকদের দাবি, হরতালের সমর্থনে তার সমর্থিত নেতাকর্মী বসুরহাট বাজারের রুপালী চত্তর থেকে জমায়েত হয়ে মিছিল নিয়ে থানার সামনে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এসময় তাদের ১২ নেতাকর্মী আহত হয় এবং কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়।

ওসি মীর জাহিদুল হক রনি জানান, সকালে কাদের মির্জা ওসি এবং পরিদর্শককে (তদন্ত) থানা থেকে বাহির করে দেওয়ার হুমকি দিয়ে থানায় আসেন। এরপর পুলিশের মুখের ওপর হাত নিয়ে অশ্লীল কথাবার্তা বলেন। কাদের মির্জা পুলিশের সিনিয়র অফিসারদের সঙ্গে গায়ে পড়ে মারমুখী আচরণ করে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পুলিশ হট্টগোল সৃষ্টিকারী মির্জার সমর্থকদের ওপর লাঠিচার্জ করে।

অপরদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোম্পানীগঞ্জে দুইজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়ে। এছাড়াও উদ্ভুত পরিস্থিতিতে কোম্পানীগঞ্জে র‌্যাব, ডিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

-ইজে

পূর্ববর্তি সংবাদশিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র‌্যাগিং বন্ধে আইন হচ্ছে
পরবর্তি সংবাদকাশ্মিরে পৃথক ৩ বন্দুকযুদ্ধে স্বাধীনতাকামীসহ নিহত ৬ ভারতীয় পুলিশ