খাগড়াছড়িতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসা শিক্ষক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: খাগড়াছড়ির রামগড় পৌরসভার দারোগা পাড়া এলাকায় পাথরবোঝাই ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। রবিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি-ফেনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মাওলানা কাজী শামসুদ্দিন। তিনি ভুজপুর থানাধীন বাগান বাজারের কাজী বাড়ির আমিনুল হকের ছেলে। কাজী শামসুদ্দিন রামগড় নুরানি মাদরাসার সহকারী শিক্ষক ও গার্ডপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দারোগাপাড়া এলাকায় রামগড় হতে হেঁয়াকোগামী যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক মো. শহীদসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাওলানা কাজী শামসুদ্দিন রাত ১০টার দিকে মারা যান।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি থানা হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।’

-এনটি

পূর্ববর্তি সংবাদরাজধানীতে একদিনে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪০
পরবর্তি সংবাদমাতৃভাষা দিবসে মমতা: ‘পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাব ৪ বছর ধরে ঝুলে আছে’