এক বছর বন্ধ থাকার পর আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস মহামারীতে প্রায় এক বছর বন্ধ থাকার পর আন্দোলনের মুখে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ও  তালা ভেঙে শিক্ষার্থীদের হলে প্রবেশের ঘটনার পর আগামী ২৪ মে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাসে পাঠদান শুরু এবং ১৭ মে আবাসিক হল খুলে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ক্লাসে পাঠদান শুরু এবং আবাসিক হল খুলে দেওয়ার আগে আবাসিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়া ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ঈদুল ফিতরের পর ২৪ মে শুরু হবে। এর এক সপ্তাহ আগে ১৭ মে আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।

তবে এই সময়ের মধ্যে আগের মতোই অনলাইন ক্লাস চলবে। শ্রেণিকক্ষে পাঠদান ও কোনো ধরনের পরীক্ষা নেওয়া হবে না। শ্রেণিকক্ষে পাঠদান শুরুর পর সব পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান।

এখন যারা আবাসিক হলে অবস্থান করছেন, তাদেরকে দ্রুত হল ছাড়ারও নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

এর আগে তালা ভেঙ্গে হলে প্রবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন।

শিক্ষার্থীরা জানায়, করোনা মহামারির কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছেন। কিন্তু সব শিক্ষা কার্যক্রম চালু আছে। শিক্ষা প্রতিষ্ঠান বাদে সব প্রতিষ্ঠান খোলা আছে। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কেন খোলা হচ্ছে না- এমন চিন্তা থেকে তারা হলে প্রবেশ করেছে বলে জানিয়েছেন।

এ বিষয়ে হলের গণিত বিভাগের শিক্ষার্থী মোনায়েম সময় সংবাদকে বলেন, ১২টার দিকে হলে শিক্ষার্থীরা প্রবেশ করেছে। আমরা প্রভোস্ট স্যারের রুমের সামনে অবস্থান করছি। স্যার অনলাইন ক্লাসে আছে। স্যার ক্লাস শেষ করলেই আমরা স্যারের সাথে কথা বলবো।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এ ব্যাপারে বলেন, বিষয়টি আমি শুনেছি। দেখছি কী করা যায়।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হল খোলার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়েও সোমবার শিক্ষার্থীরা হল খোলার দাবিতে আন্দোলন করছেন।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ সোমবার সকাল ১০টার মধ্যে হল ছাড়তে প্রশাসনের দেয়া নির্দেশনাকে প্রত্যাখ্যান করেছেন হলে ওঠা শিক্ষার্থীরা। নিরাপত্তার কারণে তাদের গেরুয়াসহ আশপাশের এলাকায় যাওয়া সম্ভব নয় বলে তারা হলে থাকার কথাই জানিয়ে দিয়েছেন।

ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, শিক্ষার্থীদের বোঝানো হয়েছে হল ছেড়ে দেয়ার জন্য। তারা যদি চলে যায় তাহলে ভালো, কিন্তু যেতে না চাইলে পরে আলোচনা করে কী করা যায়, সে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছিল। সোমবার সকাল ১০টার মধ্যে তাদের হল ছাড়তে বলা হয়েছিল। অন্যথায় ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছিল।

-আরএম

পূর্ববর্তি সংবাদফিলিপাইনে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গৃহহীন পাঁচ হাজার মানুষ
পরবর্তি সংবাদ২৪ ঘণ্টায় সারাদেশে সুস্থ আরও ৬৯২, শনাক্ত ৩৫৬, মৃত্যু ৭ জনের