ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ধস, নিহত ৩

ইসলাম টাইমস ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় সুলাওয়েসি প্রদেশে একটি অবৈধ সোনার খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও কিছু লোক।

প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা সংস্থার বিবৃতির বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স, গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাতের পর বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় বুরাঙ্গা গ্রামের ওই খনিতে ভূমিধসের ঘটনাটি ঘটে।

দুর্যোগ সংস্থাটির উদ্ধারকারীদের পাশাপাশি পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। দুর্যোগ সংস্থা মাটি খুঁড়ে তল্লাশি চালাতে ভারি যন্ত্রপাতি মোতায়েন করেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) অন্তত ১৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এখনো আরও অন্তত পাঁচ জন নিখোঁজ রয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে। যদিও স্থানীয় গণমাধ্যম বলছে, এখনো বহু লোক নিখোঁজ রয়েছেন।

প্রাদেশিক রাজধানী পালু থেকে তল্লাশি ও উদ্ধার বিষয়ক কর্মকর্তা ফাতমাবতী জানিয়েছেন, এ পর্যন্ত যা জানা গেছে মৃতের সংখ্যা তার চেয়েও অনেক বেশি হতে পারে।

-আরএম

পূর্ববর্তি সংবাদ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৪১০, সুস্থ ৯৫৭, মৃত্যু ৫
পরবর্তি সংবাদখাশোগি হত্যায় সৌদি যুবরাজ এমবিএসের বিমান ব্যবহার করা হয়: সিএনএন