লেখক মুশতাকের কুমিরের খামার দখল করে রেখেছেন প্রশান্ত কুমার হালদার!

ইসলাম টাইমস ডেস্ক: বৃহস্পতিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক অবস্থায় কারাগারে মারা যান লেখক মুশতাক আহমেদ। মৃত মুশতাক আহমেদের কুমির খামারের মালিক এখন আলোচিত প্রশান্ত কুমার (পি কে) হালদার।

২০০৪ সালের ২২ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা থেকে ১৭ কিলোমিটার দূরে হাতিবেড় গ্রামে ১৩ একর জমিতে দেশের প্রথম বাণিজ্যিক কুমির খামার করেন মুশতাক।

তার আগে বাংলাদেশে কুমির চাষের ধারণা কারো ছিল না।  তার খামারটির নাম – রেপটাইলস ফার্ম লিমিটেড।

আর মুশতাকের সেই খামার এখন সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালানো আলোচিত প্রশান্ত কুমার ওরফে পি কে হালদারের দখলে!

পিকে হালদার খামারটি নিয়ন্ত্রণে নিয়েই রেপটাইলস ফার্মের নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ঋণ তুলে নেন পি কে হালদার, যার কোনোটিই শোধ হয়নি এখনও।

সূত্র জানায়, ২০১৩ সালে রিলায়েন্স ফাইন্যান্সের এমডি থাকার সময় পি কে হালদার মুশতাকের খামারটি কৌশলে দখলে নেন। এ কাজে তাকে সহায়তা করেন মুশতাকের ব্যবসায়িক অংশীদার মেজবাহুল হক।  মেজবাহ সে সময় একটি বেসরকারি ব্যাংকের পরিচালক ছিলেন এবং খামারের চেয়ারম্যান পদে ছিলেন।  মুশতাক ছিলেন এমডি।  খামারটি পি কে হালদারের হাতে তুলে দিয়েই মেজবাহুল হক দেশে ছেড়ে চলে যান। এর কিছুদিন পরে পি কে হালদারের চাপে পড়ে মুশতাক আহমেদ তার নামে থাকা খামারটির শেয়ার হস্তান্তরের দলিলে স্বাক্ষর করতে বাধ্য হন। পি কে হালদারের ধানমন্ডি ১ নম্বর রোডের বাসায় স্বাক্ষর করেন মুশতাক।

-আরএম

পূর্ববর্তি সংবাদচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ১২ ঘণ্টায় ২ সড়ক দুর্ঘটনা: নিহত ৪, আহত ১০ জন
পরবর্তি সংবাদ১৫ বছর ধরে ড্রাগ আসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ করে যাচ্ছেন তুরস্কের ইমাম এমিন