ইসলাম টাইমস ডেস্ক: সিটি করপোরেশন ও পৌরসভাসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনে ব্যাপক ‘কারচুপি’ পর পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনে যাওয়ার আগ্রহ হারিয়েছে বিএনপি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচনে আর অংশ নেবে না দলটি।
অবশ্য দলের নীতিনির্ধারকরা আরও বলছেন, আগামী নির্বাচনের আগে নিরপেক্ষ সরকার দাবি আরও জোরালো এবং নতুন নির্বাচন কমিশন গঠনে আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে রাখাসহ কয়েকটি বিষয় সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের হাইকমান্ড সিদ্ধান্তটি এমন সময় ঘোষণা করল যখন ১১ এপ্রিল থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।
দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সূত্রে জানা যায়, বিএনপির ভাষ্য অনুযায়ী ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন আগের রাতে হয়েছে’। এই অভিযোগ তুলে সে সময় এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্ট। এমনকি জাতীয় সংসদে না যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল দলটি। শেষ পর্যন্ত সিদ্ধান্তে অটল না থাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে বিএনপিকে।
-ইজে
















