ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে পুড়ে গেছে ৩০টি রেডিমেড গার্মেন্টসের দোকানের মালামাল।
বুধবার সকালের এ ঘটনায় ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দা নিয়াজ মোহাম্মদ গণমাধ্যমকে জানান, সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে শাহিন চৌধুরীর মালিকানাধীন কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন লাগে। এতে প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানগুলোতে শাড়ি, থ্রিপিস ও বেবিড্রেস ছিল।
তিনি আরো জানান, এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় লোকজন ও নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া থেকে ৬টি ও বিসিক শিল্পনগরী এলাকা থেকে ২টি ফায়ার সার্ভিসের ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল্লাহ আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
-এসএন
















