চট্টগ্রামে কারাগারে বন্দিকে হত্যাচেষ্টার অভিযোগ, জেলারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলারসহ চারজনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা হয়েছে। রুপম কান্তি নাথ নামে এক বন্দিকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন পুশ করে হত্যাচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার এ মামলা দায়ের করা হয়।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন নগরীর পাহাড়তলী থানা এলাকার বাসিন্দা কারাবন্দি রুপম কান্তি নাথের স্ত্রী ঝর্ণা রানী দেবনাথ।

এদিকে বুধবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত ১০ হাজার টাকা বন্ডে রুপম কান্তি নাথকে জামিন দেন। কিন্তু যথাসময়ে জামিননামা দাখিল না করায় বৃহস্পতিবার জামিন বাতিল করা হয়।

বাদির আইনজীবী অ্যাডভোকেট ভুলন লাল ভৌমিক জানান, আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে সোমবার মামলাটি চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়েরের আবেদন করেন রুপম কান্তি নাথের স্ত্রী। মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত উপযুক্ত আদালতে মামলা করতে আবেদনটি ফেরত পাঠান।

মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, আদালত রুপম কান্তি নাথের স্ত্রীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর মামলাটি পিবিআইকে তদন্তের আদেশ দেন। অপরদিকে সোমবার রুপম কান্তি নাথের জামিন মঞ্জুর করার পরও যথাসময়ে জামিননামা দাখিল না করায় জামিন বাতিল করা হয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদজান্তার আদেশ পালন না করে ভারতে আশ্রয় নিল মিয়ানমারের ৩ পুলিশ
পরবর্তি সংবাদনামাজে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে কী করণীয়