কিশোরগঞ্জে একসঙ্গে ৪ গাড়ির সংঘর্ষ, ২ চালক নিহত

ইসলাম টাইমস ডেস্ক: কিশোরগঞ্জ সদর উপজেলার জেলখানার চারমোড় এলাকায় মালবাহী দু’টি ট্রাক, একটি পিকআপ ভ্যান ও একটি অটোরিকশার সংঘর্ষে মাসুদ ও আবদুল করিম নামে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপের হেলপার।

শনিবার রাত সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে জেলা সদরের জেলখানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ (২২) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের চিক্কু মিয়ার ছেলে। তিনি পিকআপের চালক। আর আবদুল করিম (৫৫) অটোরিকশার চালক। তিনি হোসেনপুর উপজেলার রামপুর নয়াপাড়া গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাত সোয়া ১১টার দিকে জেলা কারাগারের অদূরে একটি ট্রাক ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। একইসময় অপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় দু’টি ট্রাক ও পিকআপ রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপের চালক মাসুদ। আহত হন একই পিকআপের হেলপার মো. হাসান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। পরে গুরুতর আহত অটোরিকশার চালক আবদুল করিমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-আরএম

পূর্ববর্তি সংবাদক্রিকেট খেলা নিয়ে কুমিল্লায় আ’লীগের দুগ্রুপের সংঘর্ষ, আহত ১ অটোরিকশাচালক
পরবর্তি সংবাদনেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংস আক্রমণ