সুষ্ঠু ভোট গ্রহণে ব্যর্থ হলে দায়িত্ব ছেড়ে দিন: নির্বাচন কমিশনকে চরমোনাইর পীর

ইসলাম টাইমস ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, চলমান পৌর নির্বাচনে শিক্ষার্থীদেরকে মাঠে থেকে সকল ভোটারদের ভোটাধিকার প্রয়োগে ভূমিকা পালন করতে হবে। ভোট চোরদের উচিৎ শিক্ষা দিতে হবে। সাথে সাথে নির্বাচন ভঙ্গুর কমিশনের উদ্দেশ্যে বলছি, সুষ্ঠু ভোট গ্রহণে ব্যর্থ হলে তাদের দায়িত্ব ছেড়ে দিন।

আজ ১লা জানুয়ারী’২১ইং শুক্রবার সকাল ১০টায় রাজধানীর বাইতুল মুকাররম পূর্ব চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চায়। ২০১৮ সালের ডিসেম্বরে ভোট কারচুপির এক মহোৎসবের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সরকার সকল অভ্যান্তরীন নির্বাচনেও তার পূণরাবৃত্তি চালাচ্ছে। কিন্তু ক্ষমতাসীনদের জেনে রাখা উচিৎ, এদেশের মানুষ ঐতিহাসিকভাবেই বিপ্লবকামী। অধিকার নিয়ে বারবার ছিনিমিনি খেলা হলে এর সমুচিত জবাব দেয়া হবে।

তিনি আরো বলেন, দেশে ইসলামের বিরুদ্ধে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। সিনেমা-নাটক-উপন্যাসে ইসলামকে বিকৃতরূপে উপস্থাপনের মাধ্যমে তরুনদের ইসলামের বিপরীতে দাড় করাতে চেষ্টা চালাচ্ছে। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম ও নৈতিক শিক্ষার পরীক্ষা বাতিলের মাধ্যমে নীতি-নৈতিকতা বিবর্জিত একটি ধর্মহীন জাতি গঠনের হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই), প্রেসিডিয়াম সদস্য মাওলানা নূরুল হুদা ফয়েজী, নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান।

সংগঠনের সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম এর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, জয়েন্ট সেক্রেটারি জেনারেল একেএম আব্দুজ্জাহের আরেফী, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল আমীন, প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

-এসএন

পূর্ববর্তি সংবাদভারতীয় সংবাদমাধ্যমকে কঠোর হুঁশিয়ারি দিল চীন!
পরবর্তি সংবাদনরসিংদীতে বাসের সঙ্গে সংঘর্ষ, প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত