ভাস্কর্য হৃদয়ে ধারণ করার জিনিস, শিগগিরই ভুল বুঝাবুঝির অবসান হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্তব্য করেছেন, আমরা মনে করি, ভাস্কর্য কোনো পূজার জিনিস নয়। স্মৃতি ধরে রাখার জিনিস, হৃদয়ে ধারণ করার জিনিস।’ পাশাপাশি শিগগিরই ভাস্কর্য নিয়ে ‘ভুল বোঝাবুঝির’ অবসান হবে বলে জানান তিনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দ্বিতীয় সভায় এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা এই নোংরামি করছে, তারা ভুল করছে। ভাস্কর্য নিয়ে এই ভুল বোঝাবুঝির অবসান শিগগিরই হবে। আর এগুলি রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমাদের দেশের জনগণের এবং আমাদের সরকারের।

তিনি বলেন, ‘আপনারা সেটা দেখেছেন, কারা এটা করেছে। আমরা সবগুলোকে অ্যারেস্ট করেছি। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয় কুষ্টিয়াতে আরেকটি ভাস্কর্য, বাঘা যতীনের ভাস্কর্যও ভাঙা হয়েছে। তাদেরকেও আমরা চিহ্নিত করেছি এবং তাদের নামে মামলা হয়েছে।’

ভাস্কর্য স্থাপনের প্রয়োজনীয় ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাতে জন্ম-জন্মান্তরে নতুন প্রজন্মের পর প্রজন্ম চিনতে পারে, জানতে পারে এই বাঘা যতীন কে ছিল কিংবা জাতির পিতা বঙ্গবন্ধু তিনি যে শুধু বাংলাদেশের নেতা নন, সারা বিশ্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী। তাকে যেন হৃদয়ে ধারণ করতে পারি, সেই কারণেই বঙ্গবন্ধুর ভাস্কর্য আমরা তৈরি বা স্থাপন করি।

তিনি বলেন, এগুলো হল ইতিহাসে সংস্কৃতির একটা অংশ বা পার্ট। বাংলাদেশ যে শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে তা নয়, আরও অনেক ভাস্কর্য রয়েছে। সারা পৃথিবীতে মুসলিম চিন্তাবিদ বা লিডারদের ভাস্কর্য অনেক জায়গায় রয়েছে। মুসলিম তারকাদের ভাস্কর্য রয়েছে। আমরা মনে করি, ভাস্কর্য কোনো পূজার জিনিস নয়। স্মৃতি ধরে রাখার জিনিস, হৃদয়ে ধারণ করার জিনিস। তাই আমরা সবাইকে আহ্বান জানাবো, আইন হাতে তুলে নিবেন না। এই কাজটি যারা করছেন তাকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেবেন।

তিনি আরও বলেন, এদেশের জনগণ অনেক সংস্কৃতি-মনা। কাজেই এ দেশের জনগণ কোনদিন কোনো ভাস্কর্য ভাঙেনি। এগুলো একটা ষড়যন্ত্র, এরা একটা চিহ্নিত ষড়যন্ত্রকারী, তাদেরই একটা অপপ্রয়াস।

-এসএন

পূর্ববর্তি সংবাদসারাদেশে করোনায় মৃত্যু কমে ২০, সুস্থ ৯৪৪ জন
পরবর্তি সংবাদগ্রিসের ফেরত পাঠানো ৮০ জন শরণার্থীকে উদ্ধার করল তুরস্ক