ইসলাম টাইমস ডেস্ক: এনজিওর কিস্তির টাকা পরিশোধ নিয়ে মা ও ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে মায়ের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলে তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে নওগাঁর সাপাহার উপজেলা সংলগ্ন মানিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় এনজিওর কিস্তির টাকা পরিশোধের বিষয় নিয়ে মা শাহনাজ বেগম (৪৫) ও ছেলে আরিফ হোসেন (২৪) এর মধ্যে তর্ক বিতর্ক হয়। এর এক পর্যায়ে ছেলে আরিফ তাঁর মায়ের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এসময় গ্রামের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত শাহনাজকে রাতেই রাজশাহী মেডিক্যালের উদ্দেশে নিয়ে যাবার পথে রাস্তায় তাঁর মৃত্যু হয়।
নিহত শাহনাজ বেগম ওই গ্রামের মৃত অছির উদ্দীনের মেয়ে। পার্শ্ববর্তী তাজপুর গ্রামে তাঁর বিয়ে হয়। ছেলে আরিফসহ একটি মেয়ের জম্ম হওয়ার পর স্বামী তাঁকে তালাক দেন। এরপর দীর্ঘদিন তিনি বাবার বাড়ী মানিকুড়া গ্রামেই ছেলে আরিফকে নিয়ে বসবাস করে আসছিলেন।
-এসএন
















