সম্পদের উৎস জানাতে ব্যর্থ: দুদকের মামলায় কারাগারে রাজস্ব কর্মকর্তা দেবাশীষ কুণ্ডু

ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করে স্ত্রী লতিকা কুণ্ডুর নামে হস্তান্তর করা দেবাশীষ কুণ্ডু নামের এক রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের করা মামলায় রাজস্ব কর্মকর্তা দেবাশীষ কুণ্ডুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

দেবাশীষ কুণ্ডু ও তার স্ত্রী লতিকা কুণ্ডু তাদের অর্জিত সম্পদের উৎস জানাতে ব্যর্থ হয়েছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) যশোর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নাকচ করে এ আদেশ দেন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি আশরাফুল আলম বিপ্লব।

দেবাশীষ যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার সাভার অফিসের কাস্টমস সুপারিনটেনডেন্ট ছিলেন।

এদিকে, দুদকের আরেকটি মামলায় দেবাশীষের স্ত্রী লতিকা কুণ্ডুর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন আদালত। লতিকা শহরের ঝুমঝুমপুর এলাকার প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

পিপি জানান, রাজস্ব কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করে স্ত্রীর নামে হস্তান্তর করেছেন; যা দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। তাদের অর্জিত সম্পদের উৎস জানাতে ব্যর্থ হয়েছেন ওই দম্পতি।

মামলার অভিযোগে বলা হয়েছে, গতবছরের ১৯ নভেম্বর যশোরের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলা করেন দেবাশীষ কুণ্ডুর বিরুদ্ধে।

দুদকের মামলায় উল্লেখ করা হয়, ১৯৯০-৯১ অর্থবছর থেকে ২০১৮-২০১৯ অর্থবছর পর্যন্ত তিনি ৫৯ লাখ ৭৬ হাজার ৪৬০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া ছয় লাখ ৮৫ হাজার ৮৪১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

একই দিন, দেবাশীষের স্ত্রী লতিকা কুণ্ডুর নামে আরেকটি মামলা করা হয় দুদকে। মামলায় ২০ লাখ ছয় হাজার ১৮৬ টাকার সম্পদের তথ্য গোপন ও এক কোটি দশ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

পৃথক দুই মামলায় বৃহস্পতিবার স্বামী-স্ত্রী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত লতিকা কুণ্ডুর জামিন মঞ্জুর করলেও তার স্বামী দেবাশীষ কুণ্ডুর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সূত্র: ইউএনবি

-এনটি

পূর্ববর্তি সংবাদ‘গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে অহেতুক মামলা বা হয়রানি হলে আমি সরাসরি হস্তক্ষেপ করি’
পরবর্তি সংবাদরাজধানীতে ৮৫ কোটি টাকার সাপের বিষসহ গ্রেপ্তার ৫