ইসলাম টাইমস ডেস্ক: বিমানবন্দরের রানওয়েতে একটি প্রশিক্ষণ উড়োজাহাজের চাকা ভেঙে আছড়ে পড়েছে।
আজ শনিবার দুপুর ৩টা ৬ মিনিটের দিকে রাজশাহী বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
জেলা বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা খাতুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, স্থানীয় গ্যালাক্সি ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান এসটু-এএফকে উত্তর দিক থেকে রানওয়েতে অবতরণ করার সময় প্রথমে এর নোজ হুইল ও পেছনের ডান পাশের একটি চাকা ভেঙে যায়। পরবর্তীতে, উড়োজাহাজটি আবার আকাশে ওড়ার চেষ্টা করলে সামনের চাকাটিও ভেঙে যায়।
তিনি আরও জানান, উড়োজাহাজটিতে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির প্রধান প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান ও প্রশিক্ষণার্থী রায়হান গফুর ছাড়া আর কেউ ছিল না।
উড়োজাহাজে থাকা দুজনই অক্ষত অবস্থায় আছেন বলেও জানান তিনি।
এ দুর্ঘটনার কারণে রাজশাহী বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ আছে। রানওয়ে ক্লিয়ার হলে পুনরায় উড়োজাহাজ চলাচল শুরু হবে বলে জানান তিনি।
-এসএন
















