ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেছেন,‘তাদের (বিএনপি) চাতুর্য আছে কিন্তু নৈতিকতা নেই। জনগণের মুখোমুখি দাঁড়াবার সৎ সাহস এবং রাজনৈতিক অবস্থানও নেই। বিএনপি নেতারা হঠাৎ ঘুম থেকে জেগে চিরাচরিত মিথ্যাচারের রেকর্ড বাজাচ্ছে। তারা শীত নিদ্রায় রয়েছেন ।’
মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটি আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির প্রতিভূ বিএনপি বারবার প্রতারণা ও চাতুর্যের আশ্রয় নিচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করে এগিয়ে চলছে।
‘কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, স্বাধীনতার ৫০ বছরে এসেও দেশবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত সাম্প্রদায়িক শক্তি’ যোগ করেন সেতুমন্ত্রী।
মুক্তিযুদ্ধের সপক্ষের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নেতৃত্ব দেবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা।
এ সময় ৩য় ও ৪র্থ ধাপের পৌরসভা নির্বাচনে যারা বিদ্রোহী হয়ে নির্বাচন করতে চাচ্ছে, তাদেরকে দলের মধ্যে বিভেদ সৃষ্টি না করে অনতিবিলম্বে সরে দাঁড়াতে কঠোর নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে আওয়ামী লীগের নৌকার প্রার্থীর হয়ে কাজ করতে হবে। যারা বিদ্রোহ করছে বা করবে, তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না। দলের সিদ্ধান্ত মেনেই রাজনীতি করতে হবে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-কমিটির চেয়ারম্যান রশীদুল আলম, সদস্য সচিব ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।
-আরএম
















