পদ থেকে সরে দাঁড়ালেন ইতালির প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।

মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেল্লার কাছে তিনি পদত্যাগপত্র হস্তান্তর করেন বলে প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়।

চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় বের করতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন কন্তে।

ইতালিতে চলমান রাজনৈতিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে জুসেপ্পে কন্তে পদত্যাগ করলেন। রাজনৈতিক সঙ্কট উত্তরণে বুধবার প্রেসিডেন্ট মাত্তেরেল্লা রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে আলোচনা করবেন বলে বিবৃতিতে জানানো হয়।

ইতালীয় প্রেসিডেন্সি থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, কন্তের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মাত্তারেল্লা।

এতে জানানো হয়েছে, বুধবার বিকেলে সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন প্রেসিডেন্ট। আলোচনা চলাকালে কন্তেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।

গত সপ্তাহে করোনাভাইরাস সঙ্কট ও অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে সরকারি অব্যবস্থাপনার অভিযোগে শরীক সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির নেতৃত্বাধীন ইতালিয়া ভিভা পার্টি জোট থেকে বেরিয়ে গেলে কন্তে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠতা হারান।

সূত্র : রয়টার্স

পূর্ববর্তি সংবাদফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে খুলতে পারে স্কুল
পরবর্তি সংবাদ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকা দেওয়া শুরু: স্বাস্থ্যমন্ত্রী