ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলামের আমীর শায়খুল হাদীস মাওলানা জুনাইদ বাবুনগরী প্রত্যেক জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করে সাধারণ জনগণের মাঝে ইসলামী মূল্যবোধ তৈরির মাধ্যমে ইসলামের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ইসলামের সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরে তাদের মনে ঈমানি চেতনা জাগ্রত করতে পারলে দেশে ফিরে আসবে সাহাবা যুগের সেই সোনালী দিন। স্বস্তি ফিরে আসবে জনমনে।
বুধবার হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা ও পৌর শাখার কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেন, সমস্ত মসজিদের মুসল্লিরা হেফাজতের সদস্য, সকল মসজিদের ইমাম, মাদরাসার ছাত্র-শিক্ষকগণ হেফাজতের সদস্য। সকল স্কুল-কলেজের ধর্মপ্রাণ মানুষ হেফাজতের সদস্য। নামাজ, রোজা, হজ-যাকাত হলো হেফাজতের কর্মসূচি। হেফাজত বাংলাদেশে নামাজ কায়েম করতে চায়। যারা ইসলামের শত্রু, মহানবী সা:- এর দুশমন তাদের ও নাস্তিক-মুর্তাদদের কবর রচনার জন্য হেফাজতে ইসলামের অভ্যুদয়। মনে রাখতে হবে হেফাজত সরকার বিরোধী সংগঠন নয় আবার সরকার দলীয় সংগঠনও নয়। আমাদের কোনো রাজনৈতিক উচ্চাভিলাষও নেই। হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ঈমান-আকিদাভিত্তিক আধ্যাত্মিক সংগঠন।
হেফাজতের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মাওলানা মোহাম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার মজলিসে এদারীর সদস্য যথাক্রমে মাওলানা শেখ আহমদ, মাওলানা ইয়াহইয়া, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতী জসিম উদ্দিন, সম্মানিত উপদেষ্টা মুফতী হাবিবুর রহমান কাসেমী, মাওলানা শামসুদ্দোহা চৌধুরী, মুফতী মুহাম্মদ আলী কাসেমী, মাওলানা শোয়াইব জমিরী প্রমুখ।
-এসএন
















