ঘন কুয়াশায় বিভিন্ন রুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল

ইসলাম টাইমস ডেস্ক: ঘন কুয়াশার কারণে শুক্রবার (২৯ জানুয়ারি) ভোররাত ৩টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রাখা হয়েছে ফেরিসহ সকল নৌযান চলাচল।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, ভোরে কুয়াশার পরিমাণ বাড়তে থাকলে নৌপথে দিক নির্ণয়ে ব্যর্থ হলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়াও সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক জামিল হোসেন বলেন, ভোররাতে কুয়াশা পড়তে থাকলে পদ্মায় দিক নির্ণয় করতে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে রাত তিনটা থেকে চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা রোধে ফেরি চলাচল বন্ধ করে রাখায় মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় তিনটি ফেরি। এর ফলে শীতে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারও যানবাহনের যাত্রী ও শ্রমিকদের।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টা থেকে ফেরি চলাচল বিঘ্নিত হওয়া শুরু হয়। এরপর কুয়াশা বেশি পড়তে থাকলে ফেরি চলার চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে নৌ রুটের সকল নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।

এর ফলে মাঝ নদীতে ছোট-বড় ৪৫টি যানবাহন নিয়ে আটকে পড়ে ছোট-বড় ৩টি ফেরি। পারের অপেক্ষায় রয়েছে সহস্রাধিক যানবাহনের হাজার হাজার যাত্রী ও শ্রমিক। চরম ভোগান্তিতে পড়েছেন ফেরিতে আটকেপড়া ও পদ্মা পারের অপেক্ষায় আটকে থাকা যানগুলোর যাত্রী ও চালকদের।

-এসএন

পূর্ববর্তি সংবাদসৌদি-ইরানের বিবাদে মধ্যস্থতার প্রস্তাব কাতারের
পরবর্তি সংবাদইন্দোনেশিয়ায় শরণার্থী শিবির থেকে কয়েকশ রোহিঙ্গা মুসলিম নিখোঁজ