নির্মাণে অনিয়ম-দুর্নীতি: ১০ দিনেই উঠে যাচ্ছে সড়কের পিচ

ইসলাম টাইমস ডেস্ক: বেনাপোল পৌরসভার দুর্গাপুর থেকে চেকপোস্ট পর্যন্ত ২ কিমি. সংযোগ সড়ক নির্মাণের ১০ দিনের মাথায় পা দিয়ে ঘষা দিলেই উঠে যাচ্ছে পিচ। নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে বেহাল অবস্থা সড়কটির এমন অভিযোগ এলাকাবাসীর।

১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটির নির্মাণ কাজ শুরু হয় ১২ জানুয়ারি। নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। সড়কের নামাজ গ্রাম এলাকায় পা দিয়ে ঘষলেই উঠে যাচ্ছে সড়কের পাথর কুচি।

ঝিনাইদহের ঠিকাদারি প্রতিষ্ঠান নিশিত বসু পৌরসভার এ সড়কের নির্মাণ কাজ করছেন। প্রকৃতপক্ষে বেনাপোল পৌরসভার সচিব রফিকুল ইসলাম নিজের অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্সটি ভাড়া করে পাঁচ বছর ধরে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজ করে আসছেন।

বড় ধরনের অনিয়ম করে নিজেই বিল সাবমিট করে কোটি কোটি টাকার সম্পদ করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

বেনাপোল পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকবর হোসেন বলেন, শুধু এই সড়কটি নয় বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডে রাস্তা, সড়ক, ড্রেন, কালভার্ট ও ফুটপাত নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কোটি কোটি টাকা তছরুপ করছে বেনাপোল পৌরসভা।

সড়কটিতে পিচের বদলে পোড়া মবিল ব্যবহার করায় পা দিয়ে ঘষা দিলেই পিচ উঠে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু জানান, বেনাপোল পৌরসভার সচিব রফিকুল ইসলাম পৌরসভার সব উন্নয়ন কাজ অন্যের লাইসেন্স ভাড়া করে নিজেই ঠিকাদারি কাজ করে কোটি কোটি টাকা লুটপাট করছে।

লুটপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। বেনাপোল পৌরসভার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানান, ২ কিমি. এ সড়কটি নির্মাণে নিয়ম মেনেই কাজ করা হয়েছে। ১১ কোটি টাকার সড়কটি প্যাকেজ আকারে করা হচ্ছে। তবে আপনি অফিসে আসেন, বসে কথা বলা যাবে।

-আরএম

পূর্ববর্তি সংবাদট্রাম্পের সঙ্গে মতবিরোধ, বিচার শুরুর আগেই সিনেট ছাড়লেন ৫ আইনজীবী
পরবর্তি সংবাদদখলদার ইসরাইলের জেলে ফিলিস্তিনি এক বন্দি শিশুর নির্যাতনের কাহিনী