ইসলাম টাইমস ডেস্ক: যশোর কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়ার্টারের ৭টি কক্ষে আগুন লেগেছে। এতে কক্ষের মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ সময় ঘর পোড়া মানুষদের আহাজারিতে ভারি হয়ে যায় কারাগার এলাকার পরিবেশ।
রাত ৮টার দিকে কেন্দ্রীয় কারাগারে গিয়ে দেখা যায়, যশোর কেন্দ্রীয় কারাগারের ফটক পেরিয়ে বাম পাশে অবস্থিত কোয়ার্টারে আগুন জ্বলছে। কিছু দূরেই ঘরপোড়া নারী শিশুরা চিৎকার করে কাঁদছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখন পর্যন্ত কোনো কর্মকর্তা নিশ্চিত করেননি।
পুড়ে যাওয়া ঘরগুলো হলো, সুবেদার ইউনুস আলী, আশরাফুল আলম, আমিনুর রহমান, সুমন হোসেন, ফারুকুজ্জামান রাসেল ও জিয়াউর রহমানের। এর মধ্যে সুবেদার ইউনুস আলী ২ মাস আগে অবসর নিয়েছেন। ৯ মাস পর তার কোয়ার্টার ছাড়ার কথা রয়েছে বলে জানিয়েছেন কারাগারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র।
কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান সাংবাদিকদের জানান, আগুন লাগার পর তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে
ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, ছয়টি ঘরে আগুন জ্বলছে। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে আগুন লাগার সংবাদে রাত সোয়া আটটার দিকে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান কারাগারে যান।
কোতয়ালী থানার ওসিসহ পুলিশ কর্মকর্তারাও আগুন লাগার খবর পেয়ে কেন্দ্রীয় কারাগারে যান। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানান, তারা আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন।
-আরএম
















