করোনা: অভিবাসীদের কুয়েত প্রবেশে ২ সপ্তাহের নিষেধাজ্ঞা জারি

ইসলাম টাইমস ডেস্ক: করোনা মহামারি থেকে সুরক্ষায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১৪ দিনের জন্য অভিবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কুয়েতের সরকার। তবে বিদেশে অবস্থান করা নিজ দেশের নাগরিক ও গৃহকর্মীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।

কুয়েতি মন্ত্রিসভা বিবৃতির মাধ্যমে জানিয়েছে, কুয়েতি নাগরিকদের প্রথম-স্তরের আত্মীয় স্বজন যেমন অভিভাবক ও সন্তান এবং তাদের গৃহকর্মীরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। তবে যারাই প্রবেশ করবে, তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে।

এছাড়া রাত ৮টার মধ্যে ব্যায়ামাগার, সেলুন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ফার্মেসি, সুপারমার্কেট ও অন্যান্য খাবারের দোকান এর আওতার বাহিরে থাকবে।

বিবৃতিতে বলা হয়, কারও যদি জাল করোনা সনদ প্রমাণিত হয় তাহলে ফিরতি ফ্লাইটে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তাকে ৫০০ কুয়েতি দিনার জরিমানা গুনতে হবে।

কুয়েতে গত বুধবার আরও ৭৫৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ কারণে জাতীয় ছুটির দিনগুলোতে যে কোনো ধরনের গণজামায়েত, সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

-আরএম

পূর্ববর্তি সংবাদহঠাৎ গরম রাজধানীর কাঁচাবাজার, বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম
পরবর্তি সংবাদজনগণের আন্দোলন দমাতে ৪ বছরে ৪০০ বার ইন্টারনেট বন্ধ করেছে ভারত