ইসলাম টাইমস ডেস্ক : আগামী ৩০ অক্টোবরের পর যেকোনো দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সিচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নুরুল হুদার সভাপতিত্বে কমিশন বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, ‘ভোটার তালিকার সিডি প্রস্তুত করে আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। কোনো ভুলত্রুটি থাকলে আগামী ৩০ অক্টোবরের মধ্যে কমিশনকে অবহিত করতে বলা হয়েছে। তিনশ আসনের সীমানা নির্ধারণের কাজও হয়েছে। ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।’
তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন বলেও তিনি জানান।
সচিব বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনে দেশি-বিদেশী পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে। বিশেষ করে ফেমবোসা অন্তর্ভূক্ত দেশগুলোর কর্মকর্তাদের বিশেষ আমন্ত্রণ জানানো হবে।
















