লাদাখ সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে ভারত ও চীন

ইসলাম টাইমস ডেস্ক: পূর্ব লাদাখ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ভারত ও চীন তাদের সৈন্য সরিয়ে নিতে শুরু করেছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে সেনা প্রত্যাহার শুরুর কথা জানিয়েছে চীন। তবে দিল্লি বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। খবর হিন্দুস্তান টাইমস।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে ভারতের পক্ষ থেকে জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ আজ সকাল সাড়ে ১০টায় রাজ্যসভায় এবং বিকেল সাড়ে পাঁচটায় লোকসভায় পূর্ব লাদাখ নিয়ে স্বতঃপ্রণোদিত বিবৃতি দেবেন।

ওই বৈঠকের প্রায় আড়াই সপ্তাহের মাথায় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র কর্নেল উ চিয়াং বুধবার বিবৃতি দিয়ে জানান, লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ ও উত্তর তীরে চীন-ভারতের যে সেনা মোতায়েন রয়েছে, তারা আজ থেকে সুশৃঙ্খলভাবে ও সমতা বজায় রেখে পিছিয়ে যেতে শুরু করেছে। ভারত ও চীনের মধ্যে নবম পর্যায়ের যে সেনা বৈঠক হয় তার ভিত্তিতেই ওই পদক্ষেপ নিয়েছে উভয়পক্ষ।

অন্যদিকে, বিষয়টি নিয়ে সরাসরি কোনো কথা বলেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার লোকসভায় চীন ভারতের জমি দখল করেছে কি না? করলে কোন এলাকায় কতটা জমি দখল করেছে? সেনা প্রত্যাহার হলে কবে থেকে হবে- বিরোধীদের এমন সব প্রশ্ন এড়িয়ে প্রধানমন্ত্রী নিজের বক্তব্যের শেষে ভারতীয় সেনাদের গুণগান করে বলেন, ‘আমাদের দেশের সেনারা দেশকে খাটো হতে দেবেন না। দেশের সেনার বীরত্ব দেখে গর্ব করা উচিত।’

বিরোধীদের অভিযোগ, এভাবে লাদাখের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে সংসদে জানানোর বিষয়টি এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী।

-ইজে

পূর্ববর্তি সংবাদবাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা তা তিন মাস পর করে: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তি সংবাদসৌদির আবহা বিমানবন্দরে হুথিদের হামলা, বেসামরিক বিমানে আগুন