২য় দফায় হামলার কবলে আ. কাদের মির্জা, গাড়ির কাচ ভাঙচুর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবদুল কাদের মির্জা

ইসলাম টাইমস ডেস্ক: নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার গাড়িতে দ্বিতীয় দফায় হামলা হয়েছে। এ সময় কেউ হতাহত না হলেও বহরের একটি গাড়ির কাচ ভেঙ্গে গেছে বলে জানা যায়।

বৃহস্পতিবার বেলা ২টায় চট্টগ্রামের সিপ্লাস টিভির নিচে মেয়রের পার্কিং করা গাড়ি বহরে একদল দুর্বৃত্ত ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়।

এর আগে সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালীর বসুরহাট থেকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে তার গাড়ির বহরে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বসুরহাট পৌরসভার নবনির্বাচিত পরিষদ ভোরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পথে হামলাকারীরা ফেনীর জেলার দাগনভূঞা বাজারে কাদের মির্জার গাড়ি বহরে ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করে। এতে সেলিম নামে এক আওয়ামী লীগ নেতা আহত হন।

এদিকে এ হামলার পর মেয়র আবদুল কাদের মির্জা ফেসবুক লাইভে এসে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও নিজাম হাজারীকে দায়ী করে রাতে কর্মসূচি দেবেন বলে জানান।

এ হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলটি বসুরহাট রুপালী চত্বর থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।

-এসএন

পূর্ববর্তি সংবাদপ্রশান্ত মহাসাগরে প্রচণ্ড ভূমিকম্প, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে সুনামি সতর্কতা
পরবর্তি সংবাদচট্টগ্রামে চুরি হওয়া ২৩ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৪