ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের আকাশে হিজরী রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি পবিত্র জুমাদাল আখিরাহ মাস ৩০ দিন পূর্ণ হবে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে শুক্রবার কোথাও ১৪৪২ হিজরি সালের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শনিবার মাগরিব থেকে রজব মাসের চাঁদ উদিত হবে ইনশাআল্লাহ। ১৪ ফেব্রুয়ারি রবিবার থেকে রজব মাস গণনা করা হবে।
সেই হিসেবে ১১ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত হবে শবে মিরাজ।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির ওই সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী।
-এসএন
















