কর্ণফুলী নদীতে নৌকা ডুবি, নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পৃথক দুটি নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় মোহাম্মদ হোসেন (৫৫) নামে আরও একজন নিখোঁজ রয়েছেন।

কোস্টগার্ড সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মোহাম্মদ কাসেম (৫৮) ও দুপুরে মাঝি সাইদুল করিম (২৫) নামে এই দুজনের লাশ কর্ণফুলী মোহনার ১৮ নম্বর ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। নিহত দুজনই কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ধুরং এলাকার বাসিন্দা।

এর আগে গত সোমবার ভোরে চট্টগ্রামের চাকতাই থেকে মালামাল নিয়ে কুতুবদিয়া যাওয়ার পথে ঘন কুয়াশার কবলে পড়ে কার্গোটি।

এ সময় একটি ট্যাংকার জাহাজের সঙ্গে সংঘর্ষে ৭০ লাখ টাকার মালামাল নিয়ে ডুবে যায় কার্গোটি। বোটের ১২ জন মাঝি-মাল্লার মধ্যে ৯ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন ৩ জন।

অপরদিকে, গত মঙ্গলবার সকালে কর্ণফুলীর ১২ নম্বর ঘাটে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ যুবকের লাশও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলীর ১২ নম্বর ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার নাম নাহিয়ান আল ফারুক অভি (২২)। তিনি কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহমিরপুর এলাকার মো.মারজানের ছেলে।

কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) হাবিবুর রহমান জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

-এনটি

পূর্ববর্তি সংবাদ‘সাক্ষ্য প্রমাণ না-থাকায়’ হাজী সেলিমপুত্র ইরফানকে অস্ত্র মামলা থেকে অব্যাহতি
পরবর্তি সংবাদআদালত অবমাননার অভিযোগে ড. ইউনুসকে হাইকোর্টে তলব