গ্যাসের পাইপ লিকেজ হয়ে নরসিংদীতে সার কারখানায় অগ্নিকাণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: নরসিংদীর পলাশের ঘোড়াশাল সার কারখানায় গ্যাসের পাইপ লিকেজ হয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টায় সার কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। কিন্তু ৩ ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম বলেন, সার কারখানায় নতুন ভবনের নির্মাণকাজ চলছে। শুক্রবার দুপুরে ভবনের পাইলিং করার সময় নিচে থাকা গ্যাসের পাইপ লিকেজ হয়ে গেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পলাশের ফায়ার সার্ভিসের দল ঘটনা স্থলে পৌঁছে কাজ শুরু করে। এখন পর্যন্ত ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন আর কোনো স্থাপনায় ছড়ায়নি।’

নূরুল ইসলাম বলেন, তিতাস গ্যাসের কর্মীরা গ্যাস লাইন বিচ্ছিন্ন করার কাজ করছে। গ্যাস লাইন বিচ্ছিন্ন হয়ে গেলেই আগুন নিভে যাবে।

-আরএম

পূর্ববর্তি সংবাদ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু ও সুস্থতা, বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যা
পরবর্তি সংবাদক্যাপিটল হিলে দাঙ্গায় অংশ নেয়া ৬ পুলিশ বরখাস্ত, তদন্ত চলছে ২৯ জনের বিরুদ্ধে