ইসলাম টাইমস ডেস্ক : আজ মঙ্গলবার (১ জানুয়ারী ২০১৯) সকালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সোয়া ৪ কোটি শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে বই বিতরণ করা হবে।
জানা গেছে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সোয়া ৪ কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যের নতুন বই তুলে দেয়ার জন্য ইতিমধ্যে প্রায় সব বই ছাপার কাজ শেষ করে মাঠ পর্যায়ে পাঠিয়ে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবির সূত্রমতে, প্রাক-প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর জন্য মোট ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই দেয়া হবে। এ জন্য খরচ পড়ছে প্রায় ১ হাজার ৮২ কোটি টাকা।
২০০৯ সাল থেকে গত নয় বছরে প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২৬০ কোটি ৮৮ লাখ ১ হাজার ৯১২টি বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। নতুন বছরে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই বিতরণ হলে ১০ বছরে ২৯৬ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৭৯৪টি বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
















