বিদায়ী সংবর্ধনায় মাদরাসার শিক্ষককে গাড়ি উপহার দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

ইসলাম টাইমস ডেস্ক: বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বরগুনায় মাদরাসার শিক্ষক মাওলানা সুলতান মাহমুদকে ১৫ লাখ টাকার গাড়ি উপহার দিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীরা। আল মাহমুদ প্রাক্তন ছাত্র ফোরামের ব্যানারে তাকে এ গাড়ি উপহার দেয়া হয়।

মাওলানা সুলতান মাহমুদ  বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চড়কগাছিয়া এতিম মঞ্জিল আলিম মাদরাসার শিক্ষক ছিলেন। এই মাদরাসায় ৪২ বছর শিক্ষকতা করার পর সম্প্রতি তিনি অবসরে যান।

শনিবার (২০ ফেব্রুয়ারি) এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রাক্তন ছাত্ররা উপস্থিত থেকে মাওলানা সুলতান মাহমুদকে গাড়ি হস্তান্তর করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক আল মাহমুদ প্রাক্তন ছাত্র ফোরামের সভাপতি আবু হানিফ নেসারী বলেন, ‘আমরা প্রাক্তন শিক্ষার্থীরা উদ্যোগ নিয়ে স্যারকে ১৫ লাখ টাকায় গাড়িটি কিনে উপহার দিয়েছি। স্যারের কারণে মাদরাসার শিক্ষার্থীরা আজ আলোকিত মানুষ। স্যারকে আমাদের দেয়ার কিছুই নেই। শুধুমাত্র সম্মানিত করার চেষ্টা করেছি। এজন্যই আমাদের আয়োজন ছিল।’

চড়কগাছিয়া এতিম মঞ্জিল আলিম মাদরাসার বিদায়ী শিক্ষক মাওলানা সুলতান মাহমুদ বলেন, ‘একজন শিক্ষকের জন্য পরম পাওয়া একজন ছাত্রকে মানুষ হিসেবে গড়ে তোলা। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আমি সন্তানের মতো দেখেছি। মাদরাসাকে মায়ের মতো মনে করেছি। বিদায়ের এ ক্ষণে আমি অভিভূত। আমার ছাত্ররা দেশের কল্যাণে নিবেদিত হয়েছে।’

-এনটি

পূর্ববর্তি সংবাদমাতৃভাষা দিবসে মমতা: ‘পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার প্রস্তাব ৪ বছর ধরে ঝুলে আছে’
পরবর্তি সংবাদজমি লিখে না দেওয়ায় মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করল পাষণ্ড ছেলে