মিয়ানমারের ১ হাজার ৮৬ অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

ইসলাম টাইমস ডেস্ক: মিয়ানমারের ১ হাজার ৮৬ নাগরিককে তাদের দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

মঙ্গলবার স্থানীয় সময় রাতে মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে করে ওই অভিবাসন প্রত্যাশীদের ফেরত পাঠানো হয়।

আদালতের আদেশ ও মানবাধিকার গোষ্ঠীগুলোর আবেদন অগ্রাহ্য করেই মিয়ানমারের এ নাগরিকদের ফেরত পাঠালো মালয়েশিয়া।

কুয়ালালামপুর হাইকোর্ট মিয়ানমারের এই নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল। বুধবার সকালে আদালতে তার শুনানির কথা ছিল।

মালয়েশিয়ার ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন খাইরুল দিজাইমি দাউদ এক বিবৃতিতে বলেছেন, যাদের ফেরত পাঠানো হয়েছে তারা সবাই ফেরত যেতে স্বেচ্ছায় রাজি হয়েছেন, কাউকে কেউ জোর করে পাঠায়নি।

যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে কোনো রোহিঙ্গা উদ্বাস্তু অথবা শরণার্থী নেই বলেও জানিয়েছেন তিনি।

মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ফেরত পাঠানো লোকজনের মধ্যে কিছু সংখ্যালঘু নৃগোষ্ঠীর লোকজনও রয়েছেন যারা মিয়ানমারে নিপীড়নের শিকার হয়েছেন।

এখন মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা নিয়েছে, এ সময় তাদের ফেরত পাঠিয়ে দেওয়ায় তারা আরও বড় ঝুঁকির মধ্যে পড়তে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছে তারা।

-এসএন

পূর্ববর্তি সংবাদ‘বন্দুকযুদ্ধ হলে কি আমাদের লোকজন বন্দুক ফেলে পালিয়ে আসবে?’
পরবর্তি সংবাদহাত থেকে কোরআন শরীফ পড়লে কি তার ওজনে চাল সদকা করতে হয়?