প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আল্টিমেটাম

ইসলাম টাইমস ডেস্ক: বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ও কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা পদযাত্রা কর্মসূচি পালন করেছেন।

তবে পদযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পরিবাগ মোড়ে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।

তখন সমাবেশ করে আগামী ২৬শে মার্চের মধ্যে সরকারকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আল্টিমেটাম দেন তারা।

এর আগে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, অতিথি হিসাবে উপস্থিত আছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, নাগরিক ঐকের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতির জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আরো অনেকে। সমাবেশে অংশ নেন, সাধারণ ছাত্র অধিকার পরিষদসহ বামপন্থি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদবেফাক পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ শুরু আজ
পরবর্তি সংবাদমশার রক্ত লেগে থাকলে কি নামায হয় না?