ইসলাম টাইমস ডেস্ক: উচ্চতর গবেষণামূলক শিক্ষা ও দাওয়াহ প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর অন্যতম শুভাকাঙ্ক্ষী, বুয়েটের সাবেক প্রফেসর, সৌদির কিং আবদুল আযীয ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ড. আনওয়ারুল করীম ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বুধবার রাত বারোটার দিকে রাজধানীর শান্তিনগর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৮১ বছর।
জানা গেছে, কিছুদিন থেকে ড. আনওয়ারুল করীম অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন।
বিশ্বস্ত সূত্র ইসলাম টাইমসকে জানিয়েছে, মরহুমের জানাযা আজ বৃহস্পতিবার বাদ যোহর রাজধানীর শান্তিনগর পীর সাহেবের গলি আজরুন করীম মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে কেরাণীগঞ্জে মারকাযুদ দাওয়াহর হযরতপুর ক্যাম্পাসের মাকবারায় তার দাফন সম্পন্ন হবে।
ডক্টর আনোয়ারুল করিম। তার অনেক পরিচয়। একাধারে তিনি ছিলেন বুয়েটের একজন সাবেক প্রফেসর, সৌদি আরবের বাদশাহ আবদুল আযীয বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক।
দাওয়াত ও তাবলীগের মেহনতের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন তিনি। তাবলীগের মেহনত নিয়ে বিভিন্ন দেশে সফরও করেছেন।
মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়ার সঙ্গে ড. আনওয়ারুল করীমের অন্তরঙ্গ সংশ্লিষ্টতা ছিল। মারকাযের প্রথম যুগ থেকেই তিনি প্রতিষ্ঠানটির অন্যতম শুভাকাঙ্ক্ষী। মারকাযুদ দাওয়াহর পল্লবী শাখার জায়গা ও ভবন তার নিজের দান করা।
এছাড়াও ড. আনওয়ারুল করীম হলেন বাংলাদেশের দাওয়াত ও তাবলীগের শীর্ষ মুরুব্বি ইঞ্জিনিয়ার হাজী আবদুল মুকীত সাহেবের জামাতা। এমনিভাবে দেশবরেণ্য আল্লাহওয়ালা বুযুর্গ প্রফেসর হযরত হামীদুর রহমান দামাত বারাকাতুহুম-এর বেয়াইও ছিলেন তিনি।
-এসএন
















