ইসলাম টাইমস ডেস্ক: সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সাংসদদের শপথ আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রস্তুতি নিতে সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা বলেন।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি নিতে সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) বেলা ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ হবে।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগ একাই জিতেছে ২৫৭টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।
















