ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। একাদশ জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের সংসদীয় দলের মিটিংয়ে তাকে দলটির সংসদ নেতা নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ মিটিং অনুষ্ঠিত হয়। এই নিয়ে টানা তৃতীয়বার এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মিটিংয়ে শেখ হাসিনাকে সংসদ নেতা করার প্রস্তাব দেন এবং দলটির প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু এতে সমর্থন করেন। এ সময় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সমস্বরে প্রস্তাবে সমর্থন জানান।
















