ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির সঙ্গে নিষ্ঠুর উপহাস (মকারি) বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এবারের নির্বাচন জাতির সঙ্গে মকারি (উপহাস), ক্রুয়েল মকারি। জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হয়েছে।’
একাদশ সংসদ নির্বাচনের ফলাফল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ফের জাতীয় নির্বাচন দিতে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেন তারা।
এ সময় অন্যদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মঈন খান, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলার সহায়তায় নির্বাচনের আগের রাত ৯টার মধ্যে সব দোকানপাট বন্ধ করে সারাদেশে ভুতুড়ে পরিবেশ তৈরি করা হয়। এছাড়া ওই রাতে আইনশৃঙ্খলা বাহিনী ও ভোটগ্রহন কর্মকর্তার সহায়তায় আওয়ামী লীগকর্মী ও সন্ত্রসাবাহিনীর সহায়তায় ৩০ থেকে ৬০ শতাংশ ভোট কেটে ব্যালেট বাক্সে ভর্তি করা হয়। ১৭টি পয়েন্টে অনিয়মের চিত্র তুলে ধরা হয় স্মারকলিপিতে।
এছাড়া ভোটারদের সঙ্গে প্রতারণা, ভোট জালিয়াতি, সরকারি প্রশাসন তথা রাষ্ট্রযন্ত্রকে নজীরবিহীনভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার এবং নির্বাচন কমিশনের সর্বাত্মক পক্ষপাতমূলক কার্যকলাপের মাধ্যমে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল এবং অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়। সিইসির হাতে স্মারকলিপি তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে স্মারকলিপির সারমর্ম তুলে ধরেন তিনি।
গুলশানে ঐক্যফ্রন্টের বৈঠকএর আগে বৃহস্পতিবার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে বৈঠক করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। বেলা সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপারসেনর গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শেষ হয় বেলা দেড়টায়। বৈঠকে প্রার্থীদর কাছ থেকে নির্বাচনে অনিয়মের বর্ণনা শুনেন তারা। অনেকেই লিখিতভাবে তা জমা দিয়েছেন ফ্রন্টের নেতাদের কাছে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির আসম আব্দুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
















