ইসলাম টাইমস ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম সাদিয়া আফরিন (২২)।
বৃহস্পতিবার রাতে পুলিশ বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাটের সিলিং ফ্যানে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় তারা। সাদিয়ার বাবা সুমন মিয়াও একই বাড়িতে ভাড়া থাকেন।
জানা যায়, দেড় বছর আগে পারিবারিকভাবে চাঁদপুরের হরিনা বাজার এলাকার ফজলুল হকের প্রবাসী ছেলে মাইনুদ্দিনের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। তাদের চার মাসের একটি ছেলে আছে। স্বামী-সন্তান নিয়ে সাদিয়া বাবা-মায়ের সঙ্গে বসবাস করেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহে সাদিয়া আফরিন সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি কাপড় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে এ নিয়ে তদন্ত চলছে।
















