প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্বাচনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানালেন ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক : নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট দলীয় নেতাকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনসহ নির্বাচনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সাথে সহযোগী সংগঠনের যৌথ সভায় সূচনা বক্তব্যে তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে আমাদের দলের স্মরণকালের ঐক্য ছিল। যে কারণে এত বড় বিজয় হয়েছে। এ বিজয় আমরা আনুষ্ঠানিকভাবে পালন করতে চাই।

এই সময় তিনি বিএনপি নেতাদের সমালোচনা করে বলেছেন, এটা তাদের (বিএনপি) আন্দোলনে ব্যর্থ নির্বাচনে ব্যর্থ রাজনীতির অসংলগ্ন সংলাপ। বিএনপি দেশের মানুষের সমর্থন হারিয়েছে। এখন তারা বিদেশিদের দ্বারস্থ হয়েছে। বিদেশিদের কাছে নালিশ ছাড়া তাদের কিছু করার নেই।

অনুষ্ঠানে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান, আ ফ ম বাহাউদ্দিন নাছিন, খালিদ মাহমুদ চৌধুরী, সহ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল বিজয় উদযাপনে আগামী ১৯ জানুয়ারি বিজয় উৎসব করবে মহাজোট। সোহরাওয়ার্দী উদ্যানে আসন্ন এ কর্মসূচি সফল করতে সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের এ যৌথ সভা ডাকা হয়েছে।

পূর্ববর্তি সংবাদসহিংসতা প্রতিরোধ করতে হবে : মির্জা ফখরুল
পরবর্তি সংবাদধর্ষিতার সাথে সাক্ষাতের পর মির্জা ফখরুল: সুবর্ণচরের ঘটনার বিচার করতে হবে