সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যা মামলায় মেয়র মিরুর জামিন বাতিল

ইসলাম টাইমস ডেস্ক : দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত মেয়র হালিমুল হক মিরুকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছে আপিল বিভাগ। একইসঙ্গে আগামী ছয় মাসের মধ্যে নিম্ন আদালতকে মামলাটির বিচার শেষ করতে নির্দেশ দেয়া হয়।

রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

এ ব্যাপারে ব্যারিস্টার কাজল জানান, ছয় মাসের মধ্যে মামলার বিচার শেষ না হলে সেক্ষেত্রে ওই আসামি জামিনের দরখাস্ত করতে পারবেন বলে উল্লেখ করেছেন আপিল বিভাগ।

এর আগে গত ৪ নভেম্বর জামিন সংক্রান্ত বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মিরুকে জামিন দেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে গত ৫ নভেম্বর আপিল বিভাগে আবেদন করেন শিমুলের স্ত্রী।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে মেয়র মিরুর দুই ভাইয়ের সঙ্গে আওয়ামী লীগের আরেক গ্রুপের সংঘর্ষ হয়। এ ঘটনার খবর সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকায় আনার পথে তিনি মারা যান। এ ঘটনায় শিমুলের স্ত্রী বাদী হয়ে মেয়র মিরু, তার সহোদর মিন্টু ও উপজেলা আওয়ামী লীগ নেতা নাছিরসহ জ্ঞাত ১৮ এবং অজ্ঞাত আরও প্রায় ২২ জনসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পূর্ববর্তি সংবাদনির্বাচনের আগে ও নির্বাচনের দিন অনেক অনিয়ম হয়েছে : সুজন
পরবর্তি সংবাদআফগানিস্তানে স্বর্ণের জন্য নদীর তলদেশে সুড়ঙ্গ খনন, ধসে নিহত ৩০