ইসলাম টাইমস ডেস্ক : আজ বিকাল (৭ জানুয়ারী) সাড়ে তিনটায় বঙ্গভবনের দরবার হলে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। শপথ অনুষ্ঠানের সব ধরনের আয়োজন চূড়ান্ত করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।
মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বৃহস্পতিবারই (৩ জানুয়ারি) দিন-তারিখ ঠিক করা হয়। সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে এমপিদের শপথ গ্রহণ শেষে বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করেন এবং রাষ্ট্রপতির হাতে একাদশ জাতীয় সংসদে সংসদ নেতা হওয়ার আনুষ্ঠানিক পত্র তুলে দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
















