ইসলাম টাইমস ডেস্ক : পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় জনৈক আব্দুর রশিদ (৫৫) তার ৭ বছর বয়সী নাতিকে নির্মমভাবে কুপিয়ে ও লেপমোড়া দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। নাতিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে। তবে সোমবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসে যখন ছেলেটির বাবা ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
ছেলেটির বাবা কুরবান আলী গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন যাবত তার বাবা আব্দুর রশিদের সাথে তাদের স্বামী-স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে রবিবার সকালে জোবায়েরকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দ্বারা মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে এবং লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। এরপর লেপ মোড়া দিয়ে ঘরে ফেলে রেখে বাহির থেকে দরজা লাগিয়ে পালিয়ে যায় আব্দুর রশিদ। পরে নিজে ঘরের টিন কেটে বাইরে বের হয়ে আসে জোবায়ের। তখন আশপাশের লোকজন হাসপাতালে নিয়ে আমাদের খবর দেন। জোবায়ের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ফতুল্লা মডেল থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
















